Home জাতীয় রেকর্ড ছাড়ালো একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত

রেকর্ড ছাড়ালো একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত

17

করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৬ জন। এটি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। সেই সংগে পুরোনো সব রেকর্ড ভেঙ্গেছে শনাক্তেরও। দেশে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৩ জন।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ৬৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ২৭ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৬৪ জন এবং বাড়িতে দু’জন।

এর আগে করোনায় দেশে এত মৃত্যু দেখা যায়নি। গত বছরের ৩০ জুন মারা গিয়েছিলেন ৬৪ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন মোট সাত হাজার ২১৩জন। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। দুই হাজার ৯৬৯জন নতুন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ আটান্ন হাজার তিনশ’ ৩৮জন।

গতকাল (সোমবার) করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৭৫ জনের। আগের দিন রবিবার শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জনের, যা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে ২৪ ঘন্টায় ছিল সর্বোচ্চ। আজ সংক্রমণ শনাক্ত গত দুদিনকে ছাড়িয়েছে। ফলে টানা তিনদিন ধরে করোনায় সংক্রমণ শনাক্ত ৭ হাজারের বেশি।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। ২০২০ সালের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনা রোগীর সংখ্যা।

-ঢাকা অফিস