যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাড়ি থেকে বাংলাদেশি একটি পরিবারের ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) ভোরে ফোনকল পেয়ে ডালাসের ওই বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ।
টেক্সাস অঙ্গরাজ্যের পুলিশ বলছে, তাঁরা ছয় জন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারের পর এগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতরা সবইবাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং একই পরিবারের সদস্য।
পুলিশ আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই তাদের বাবা, মা, বোন ও নানীকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে।
আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, প্রায় ২২ বছর আগে ডিভি ভিসায় তৌহিদুল ইসলাম আমেরিকায় যান। তৌহিদুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা পুরান ঢাকায়। পরিবার নিয়ে প্রথম দুই বছর নিউইয়র্কে ছিলেন। ২০ বছর আগে তারা টেক্সাসে চলে যান। এরপর থেকে সেখানেই বাস করছিলেন।
তাদের পরিবারের আরও সদস্য যুক্তরাষ্ট্রের আছেন এবং খবর পেয়ে তারা সেখানে রওনা হয়েছেন বলে বিবিসির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
আত্মহত্যাকারী দুই ভাই ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের শিক্ষার্থী ছিলেন। তারা বিষণ্ণতায় আক্রান্ত ছিলেন বলে ঘটনার আগে লেখা ফেসবুক নোটে উল্লেখ করেছে বলে জানিয়েছে পুলিশ।
দুই ভাইয়ের মধ্যে ছোটো ছেলেটি দীর্ঘ ফেসবুক নোটে তাদের বিষণ্ণতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস-এর সেক্রেটারি নাহিদা আলী সংবাদমাধ্যমকে বলেন, আকস্মিক এ ঘটনায় টেক্সাসের পুরো বাংলাদেশি সম্প্রদায় হতবাক হয়ে পড়েছে।
তিনি বলেন, পরিবারটি ছিলো ছিমছাম ও শান্তিপ্রিয়। প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতার জন্য সুনাম ছিলো তাদের। তিনটি বাচ্চাই খুব মেধাবী ছিলো। ছোট ছেলেটি ফেসবুকে একটি নোট দিয়ে গেছে। সেখানে সে বলেছে সে ও তার ভাই বিষণ্ণতায় ভুগছিলো দীর্ঘদিন ধরে।
নাহিদা আলী আরও বলেন, বিষণ্ণতার জন্য তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলো বলে ছোট ছেলেটি তার নোটে লিখেছে, যদিও পরিবার থেকে এসব কিছু কখনো অন্যদের সাথে শেয়ার করেনি।
পরিবারের ছোটো ছেলে ফেসবুকে তাদের আত্মহত্যা ও অন্যদের হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছে উল্লেখ করে স্থানীয় পুলিশ এটিকে ‘হতাশার ধারাবিবরণী’ হিসেবে বর্ণনা করেছে। ওই নোটে ছোটো ছেলেটি লিখেছে যে, সে ২০১৬ সাল থেকে চরম বিষণ্ণতায় আক্রান্ত।
বিবিসি জানিয়েছে, ফেসবুকে ছেলেটি যা লিখে গেছে তাতে তারা দুই ভাই মিলেই পরিকল্পনা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তারা তাদের বোনকে নিউইয়র্ক থেকে ডেকে নেয় পারিবারিক গেট টুগেদারের জন্য। তার নানী গত মাসে বাংলাদেশে ফেরার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে ফিরতে পারেননি।
ফেসবুক নোটে ছেলেটি বর্ণনা করেছে, কীভাবে তারা বন্দুক সংগ্রহ করেছে। সে লিখেছে, ‘বড়ভাই গেলেন দোকানে। বললেন যে, বাড়ির নিরাপত্তার জন্য বন্দুক দরকার। দোকানি কয়েকটি ফরম ধরিয়ে দিলে সেখানে স্বাক্ষর করলেন ভাই। এরপর হাতে পেলাম কাঙ্ক্ষিত বস্তুটি, যা দিয়ে নিজের কষ্ট এবং পরিবারের কষ্ট সহজে লাঘব করা যাবে।’
–খুলনাঞ্চল ডেস্ক











































