নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার আসামী মো. আরিফ (৩৩) আদালতে স্বীকারেক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
শুক্রবার (২এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পরিদর্শক মো. কামাল হোসেন খান ৩ দিনের রিমা- শেষে তাকে আদালতে হাজির করেন। এসময় আরিফের দেয়া ফৌজধারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রেকর্ড করেছেন। আরিফ খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-১৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন যার নং-১২, তারিখ ১৮-৭-২০২০ইং । মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের ৪ছেলে মিল্টন শেখ (৪৫), জাকারিয়া শেখ (৩৭), জাফরিন শেখ (৩২) ও কবির শেখ (৫০), একই গ্রামের নুরু শেখের ছেলে রাজু শেখ (২৮), ইলিয়াসের ছেলে আশিক (২২), মোকছেদ শেখের ছেলে জুয়েল শেখ (৪০), আলমগীর শেখ (৩৮), জাহাঙ্গীর শেখ (৩৫) ও মুরাদ শেখ (৩২), আব্দুল জব্বারের ছেলে আরিফ (৩৩), নুর ইসলামের ছেলে হাসান (২০), ফারুকের ছেলে রবিন (২০), ইনছার আলি ছেলে বাবু (২০), মৃত আক্তার আকুঞ্জির ছেলে রহিম আকুঞ্জি (২২), মৃত সালাম আকুঞ্জির ছেলে তৌহিদ আকুঞ্জি (২২), বাবুল শেখের ছেলে মিঠু শেখ (৩৩), মৃত আদিল শেখের ছেলে আজিম শেখ (৩৫), নিজার শেখের ছেলে নাজমুল শেখ (২২), কুরবান শেখের ছেলে আরমান শেখ (২০), জমির উদ্দিনের ছেলে মনিরুল (২৭) ও ইব্রাহিম শেখের ছেলে নুর ইসলাম (২০)।
– স্টাফ রিপোর্টার











































