স্টাফ রিপোর্টার
৩৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রী পলি আহমেদকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদ আহমেদ ও তার স্ত্রী পলি আহমেদ মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম জামিন না-মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
জানা যায়, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ফরিদ আহমেদ মোল্লা দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের বদলি, প্রমোশন ও নিয়োগ বানিজ্যে জড়িত।
দুদকের পিপি অ্যাডভোকেট সেলিম আল আজাদ, ২০২০ সালের ৯ ডিসেম্বর ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রীর নামে আয়বহির্ভূত ৩৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক ফয়সাল গাজী তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর বাদী হয়ে এই মামলা করেন। মামলায় এতদিন তারা দু’জনেই উচ্চ আদালতের জামিনে ছিলেন। মহানগর আদালতের মামলা নং- স্পেশাল ১১/২০।











































