Home আঞ্চলিক খুলনায় পুলিশ সোর্স নিহতের ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার নেই

খুলনায় পুলিশ সোর্স নিহতের ঘটনায় মামলা দায়ের : গ্রেফতার নেই

30

স্টাফ রিপোর্টার

নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় নগর গোয়েন্দা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগিদের হামলায় পুলিশ সোর্স মো. শফিকুল ইসলাম (৩৫) নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত শফিকুল ফুলতলা থানার উত্তর আলকা চৌদ্দ মাইল এলাকার মৃত. গফুর বিশ্বাসের ছেলে।

১৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৮/১০জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের ভাইপো মো. মামুন বিশ্বাস। মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলায় উল্লেখিত আসামি হলেন নগরীর মোজাহিদ পাড়া ৩য় গলির সৈয়দ আহম্মেদ মোল্যার বাড়ির ভাড়াটিয়া দুলাল তালুকদার (২৮)। সে বাগেরহাট জেলার শরণখোলা থানার আমড়াগাছি গ্রামের মো. ফারুক তালুকদারের ছেলে। 

মামলার তদন্ত কর্মকর্তা লবণচরা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার ঘটনায় রনি শেখ (৩৫) ও মো. মনির হোসেন (২৮) নামের আরো দু’সোর্স আহত হয়েছে। আহত রনি শেখ আটরা পশ্চিম পাড়ার মৃত. গণি শেখের ছেলে এবং মনির হোসেন ফুলতলার মৃত. ইসমাইল হোসেন মকবুল এর ছেলে। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ১২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোল্লাপাড়ার মোমবাতি গলিতে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মো. বদরুজ্জামান। উক্ত অভিযানে সংবাদদাতা রনি শেখ, শফিকুল ইসলাম ও মনির হোসেন অভিযান টিমের সাথে ছিল। হঠাৎ করে অতর্কিতভাবে অজ্ঞাতনামা ৮/১০ জন মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগিরা এসে অভিযান টিমের সাথে থাকা সংবাদদাতাদের এলোপাতাড়ি চাইনিজ কুড়াল, ছুরি ও রড দিয়ে আঘাত করে। তাদের অতর্কিত আক্রমণে অভিযান টিমের সাথে থাকা সংবাদদাতা ৩জন আহত হলে তাদেরকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা শফিকুল ইসলামকে মৃত. বলে ঘোষণা করে। এঘটনায়  ১৩ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৮/১০জনের বিরুদ্ধে নিহতের ভাইপো মো. মামুন বিশ্বাস লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-৯।