স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পিপল বাড়িয়া গ্রামের মধু খাঁর মেয়ে মিম খানম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে বাগেরহাটের বাদামতলা গ্রাম থেকে নিহত মিমের মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি হলেন বরিশাল জেলার সাহেবেরহাট থানার সোমরাজি গ্রামের তপন দেরনাথের ছেলে সুমন দেবনাথ (৩৪)।
র্যাব-৬ জানায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার উজিরপুর গ্রামের কাছেমুল উলুম কওমী মাদ্রাসার পিছনের বাঁশ বাগানের নিচ থেকে মৃত. মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন স্থানের হাড়গোড় ও একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় পুলিশ বাদী হয়ে দামুড়হুদা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বহুল আলোচিত ক্লুলেস এই মামলার আসামিকে কংকাল থেকে তথ্য নিয়ে গ্রেফতার করা হয়েছে।











































