অশান্ত নদীর বুকে অধরা পদ্মা সেতু এখন আর স্বপ্ন রইল না
খুলনাঞ্চল রিপোর্ট
মুজিব শতবর্ষ ও বিজয়ের ঐতিহাসিক মাসে দুরন্ত পদ্মা জয় করে নতুন ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত বাধা উপেক্ষা করে অশান্ত নদীর বুকে অধরা পদ্মা সেতু এখন আর স্বপ্ন রইল না। সর্বশেষ ৪১ নম্বর বর্ণিল স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতু নির্মাণের চ্যালেঞ্জ বাস্তবে রুপ নিলো। ৪২টি পিয়ারের ওপর ৪১ নম্বর অর্থাৎ শেষ স্প্যান ১২ ও ১৩ নম্বর পিয়ারে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে দু’পাড়ের মাটি স্পর্শ করল পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার। দীর্ঘ অপেক্ষার পালা শেষে পদ্মা সেতুর পুরোটা এখন দৃশ্যমান হলো। ঐতিহাসিক এই স্মৃতির মুহূর্ত ধরে রাখতে শিবচর-জাজিরা-মাওয়ায় আনন্দের বন্যা বয়ে যায়। বাংলাদেশ ও চীনের মধ্যকার সেতুবন্ধনের দৃশ্য হাজার-হাজার উৎসুক জনতার উপস্থিতি এক মহামিলনের উৎসবে পরিণত হয়।
শেষ স্প্যানটি নানা বর্ণে সাজানো হয়। দু’দেশের জাতীয় পতাকা এঁকে দেয়া হয় স্প্যানের গায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহসিক সিদ্ধান্তে মহাকর্মযজ্ঞের মাধ্যমে দেশের অর্থনৈতিক-সামাজিক উন্নয়ন এবং ১৬ কোটি মানুষের আশা-আকাক্সক্ষা প্রতিফলনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। বিশ্ব এখন অবাক তাকিয়ে দেখছে নয়নাভিরাম এ দৃশ্য।

স্বপ্ন আর সম্ভাবনার হাতছানি
মাদারীপুরের শিবচরের কুতুবপুর হতে যাচ্ছে প্রথম ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট, হাইটেক পার্ক, বেনারসি পল্লী, শেখ হাসিনা তাঁতপল্লী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, দাদাভাই উপশহর। শিবচরের চরজানাজাত ইউনিয়নে হচ্ছে অলিম্পিক ভিলেজ। যেখানে থাকবে আন্তর্জাতিকমানের ৭টি স্টেডিয়াম, থাকছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি, দেশের আরও এক মেগা প্রকল্প বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর হওয়ায় সম্ভাবনা উজ্জল হয়ে উঠেছে। রাজধানীর যাত্রাবাড়ীর ফ্লাইওভারের সংযোগস্থল থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত এবং সেতুর দক্ষিণ পাড়ে শিবচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চারলেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে, মাদারীপুর হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে।
উৎসুক জনতার ভিড়
প্রথম স্প্যান বসানোর সময় অনুষ্ঠান হলেও নিরাপত্তার কারণে শেষ স্প্যানটি বসানোর সময় তেমন কোন অনুষ্ঠান হয়নি। সকাল থেকে সংবাদকর্মী আর উৎসুক জনতার ভিড় জমে পদ্মার বুকে। স্পীড বোট, ইঞ্জিনচালিত ট্রলার, নৌকা, লঞ্চ দিয়ে সর্বশেষ স্প্যান বসানো দেখতে আর নিজেকে ইতিহাসের স্বাক্ষী রাখার জন্য সেলফি তুলতে উৎসুক জনতার ভিড় ছিল।
দ্রুততম সময়ে বসানো স্প্যান
সেতুর ইতিহাসে সবচেয়ে বেশি স্প্যান বসেছে গত অক্টোবর ও নবেম্বর দুই মাসে। টার্গেট অনুযায়ী অক্টোবর মাসে ৪টি ও নবেম্বর মাসে ৪টি মিলিয়ে মোট ৮টি স্প্যান বসানো হয়েছে। আর বিজয়ের মাসের ৪ তারিখে ৪০তম স্প্যান বসানো পর ১০ ডিসেম্বর ৪১তম স্প্যান (২-এফ) বসানো হলো। ৪১তম স্প্যান বসানোর পর বাকি রইল আংশিক এপ্রোচ রোড, রোডওয়ে স্লাব ও রেলওয়ে স্লাব স্থাপনের কাজ। মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে ১ হাজার ২৮৫টি বাকিগুলোও বসানোর জন্য প্রস্তুত আছে।
পদ্মা রেল সেতু
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) জানান, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭৩ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। আর তার মধ্যে ১৬ দশমিক ৭ কিলোমিটার রেলপথ হবে মাটির ওপরে। প্রকল্পের মধ্যে রয়েছে ৬৩টি বড়, মাঝারি ও ছোট সেতু তাছাড়াও ২৩০টি বিভিন্ন আকৃতির কালভার্ট আছে। সেতুতে একটি রেললাইন থাকবে। তবে এর ওপর দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ দুই ধরনের ট্রেন চলাচলের ব্যবস্থা থাকবে।
বিদ্যুত সংযোগ
সেতুতে সাধারণ আলোর ব্যবস্থা ছাড়াও আর্কিটেকচার লাইটিং ও থাকছে। বিশেষ বিশেষ দিবসগুলোতে এবং বিশেষ সময়ে লাইটিংয়ের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা হবে। পদ্মা সেতুর ন্যাশনাল গ্রিডিংয়ের জন্য সেতুর ৫০০ মিটার ভাটিতে পদ্মায় ৮টি বৈদ্যুতিক টাওয়ারের পাইল স্থাপন করা হয়েছে এই প্রকল্পের আওতায়। পদ্মা সেতুতে সিসি ক্যামেরা থাকছে।
তিয়ান-ই’র কাজ শেষ
পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ পদ্মা সেতুর ৪১তম স্প্যানটি পিয়ারের ওপর উঠিয়ে দিয়ে তার কাজ শেষ করেছে। তিয়ান-ই কনস্ট্র্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান উঠিয়ে বহন করে নিয়ে পিয়ারের ওপর বসিয়ে দেয়ার কাজ করত। পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ কম্পিউটার অপারেটেড ভাসমান ক্রেন। যা দিয়ে ম্যানুয়ালি কিছু করা যায় না। চীন থেকে জলপথে আনা হয়েছিল আবার চীনের উদ্দেশে ফেরত যাবে।











































