Home আঞ্চলিক যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ড প্রস্তুত করার পর ৩ মাসেও চালু হয়নি আইসিইউ

যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ড প্রস্তুত করার পর ৩ মাসেও চালু হয়নি আইসিইউ

7

বেনাপোল প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ড প্রস্তুত করার পর ৩ মাসেও চালু হয়নি আইসিইউ। ফলে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে করোনা রোগীদের চিকিৎসায়।

হাসপাতাল  সুত্র জানায়, যশোর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩শ ৬৮ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের। জেলা পর্যায়ে যশোরে কোভিড-১৯ সংক্রমণের আক্রান্তের সংখ্যা অনেক বেশি। করোনা পরিস্থিতি বিবেচনা করে কোভিড-১৯ সংক্রমণে মুমূর্ষু রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতালে আইসিইউ চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

করোনাভাইরাস প্রতিরোধে যশোর জেলা কমিটির সভায় সিদ্ধান্তটি পাস হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ও স্বাস্থ্য অধিদপ্তর যশোর জেলা হাসপাতালে আইসিইউ চালু করার ব্যাপারে অনুমোদন দেয়।

কয়েক লাখ টাকা ব্যয়ে হাসপাতালের ২য় তলায় সাবেক মহিলা অর্থো-সার্জারিকে প্রস্তুত করা হয় আইসিইউ ইউনিট হিসেবে। কিন্তু ঘর আছে তো চিকিৎসার উপকরণ নেই এমন অবস্থা হাসপাতালের আইসিইউতে। আইসিইউ চালু করার জন্য ৬টি ভেন্টিলেটর এসেছে হাসপাতালে।

২৬ নভেম্বর এসেছে পাইপ। অথচ মনিটর, আইইউ বেডসহ অমান্য উপকরণ দেয়া হয়নি এখনো। গত আগস্ট মাস থেকে আইসিইউ এভাবে পড়ে আছে। চালু হবে বললেও এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে চলছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মাণের কাজ। এ ব্যাপারে চুক্তি হয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। চুক্তির মেয়াদও শেষ হতে চলেছে।

অথচ আইসিইউতে অক্সিজন প্লান্ট থেকে সিলিন্ডারের অক্সিজেন সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের কাজ শেষ হয়নি। লিকুইড অক্সিজেন সংযোগ দেয়ার কাজ অপেক্ষামান রয়েছে আইসিইউসহ হাসপাতালের সকল ওয়ার্ডে। কিন্তু সঠিক তদারকির অভাবে কোন কাজেরই দ্রুত অগ্রগতি হচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ হাসপাতাল পরিদর্শন করে আইসিইউ চালু করার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি এ পর্যন্ত। শুধু করোনায় আক্রান্ত নয় বিভিন্ন রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীরা এ ইউনিটে চিকিৎসা নিতে পারেন। কিন্তু কোনো রোগী উন্নত চিকিৎসা নিতে পারছে না আইসিইউ চালু না হওয়ার কারণে। ফলে হাজার হাজার টাকা খরচ করে রোগীদের যেতে হচ্ছে ঢাকা কিংবা খুলনায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায় জানান, আগামী ২ মাসের ভেতর হাসপাতালে আইসিইউ চালু হবে। উপকরণ কিছু এসেছে,আরো আসবে। কাজ চলছে এখন অক্সিজেন প্লান্টের।প্রথমে সিলিন্ডার অক্সিজেন দিয়ে প্লান্ট চলবে। পরে লিকুইড অক্সিজেনের সংযোগ দেয়া হবে।