স্টাফ রিপোর্টার।।
খুলনার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন ‘সুর-ঝংকার একাডেমি’র উদ্যোগে গুণীজন সংবর্ধনা, স্মারক প্রদান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬:০০ টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা ওয়াসা-র চেয়ারম্যান (বীর মুক্তিযোদ্ধা) মো. মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ খুলনার চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পী, জেলা শিক্ষককলা একাডেমির কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম এবং সুর-ঝংকার একাডেমির প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম বিডিএন (অব.)।
সুর-ঝংকার একাডেমির সভাপতি জনাব মো. রাজ্জাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক জি.এম. মঈন উদ্দিন। আয়োজকরা জানান, সন্ধ্যার অনুষ্ঠানের সূচির মধ্যে রয়েছে অতিথিবৃন্দের আসন গ্রহণ, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, দলীয় সংগীত, পরিচিতি পর্ব, সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান এবং সবশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে শহরের সকল সংস্কৃতিপ্রেমী ও সুধীজনকে উপস্থিত থাকার বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।











































