ঢাকা অফিস।।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০০ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনায় চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম ৯ দিনে মারা গেছে ৫০ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৯৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩০০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ৩৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন।
ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১, রংপুরে ছয় ও সিলেট বিভাগে তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৭৬ জন।











































