স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে খুলনা সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসী ‘কালা নাসির’, বাইসাইকেল চোর ও মাদকসেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাতভর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শনিবার রাত বারোটা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি নাসির ওরফে ‘কালা নাসির’ (৩০)-কে গ্রেপ্তার করে পুলিশ। সে মিস্ত্রিপাড়া এলাকার সোবহানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা ও নারী-শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় পূর্বেও দুটি মামলা রয়েছে।
একই রাতে আহসান আহমেদ রোডের সিটি ল’ কলেজের বিপরীতে ন্যাশনাল গার্ডেন আবাসিকের পার্কিং স্থান থেকে সাইকেল চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মোঃ মামুন হাওলাদার (৩২) নামে এক চোরকে।
পাবলিক প্লেসে জনসাধারণের সঙ্গে অশ্লীল আচরণ, গালিগালাজ ও মারমুখী আচরণ করার অভিযোগে পশ্চিম টুটপাড়া, নতুন বাজার ও নিরালা এলাকা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো—মোঃ আশিক (২২), আসলাম হোসেন (২০), মোঃ আবু সাইদ (২০), লিয়াকত আলী (৫৫), রবিউল গাজী (৩২) এবং মোঃ তুহিন হোসেন (২৯)। তাদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ৪ সেপ্টেম্বর রাতে পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের ১৮২ নম্বর হোল্ডিংয়ে অভিযান চালিয়ে ইয়াবা কেনাবেচা ও সেবনের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো—শেখ সৌরভ হোসেন (৩৫), মিতা হোসেন (৪৪), আঞ্জুমান আরা রুপা (২৯) এবং সানজানা আক্তার পৌশি (১৯)।
খুলনা সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সামারি ট্রায়াল ও নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে।











































