Home আঞ্চলিক সাদাতে উচ্ছ্বসিত নড়াইলবাসী

সাদাতে উচ্ছ্বসিত নড়াইলবাসী

8

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কিশোর সাদাত রহমান সাকিব আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত নড়াইলবাসী। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রশংসায় ভাসছে সাদাত রহমান। নড়াইল-২ আসনের এমপি সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘তোমার (সাদাত) এই আন্তর্জাতিক স্বীকৃতি নড়াইলের প্রত্যেক মানুষের জন্য গর্বের এবং আনন্দের।’ সাইবার বুলিংয়ের শিকার শিশুদের রক্ষায় সচেতনতামূলক অ্যাপ উদ্ভাবনের জন্য নোবেলখ্যাত এ পুরস্কার পেয়েছেন সাদাত। গত শুক্রবার নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই। নেদারল্যান্ডসে সাদাত রহমান সরাসরি উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করেন। শিশুদের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় অসাধারণ অবদানের জন্য প্রতিবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হয়। সাদাতের গড়ে তোলা ‘নড়াইল ভলেন্টিয়ার্স’ এবং ‘সাইবার টিনস, নড়াইল’ এর দুই কর্মী অর্ণব ঘোষ ও শফিকুল ইসলাম বলেন, কিশোর-কিশোরীরা সাইবার বুলিংয়ের শিকার হলে তারা কাউকে বলতে পারে না। আবার তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। ফলে অনেকেই আত্মহত্যার পথ নেয়। এ থেকে পরিত্রাণের কথা চিন্তা করেই আমাদের একটি ওয়েবসাইড এবং অ্যাপ তৈরি করা। তাদের এ সাফল্য গোটা দেশবাসীর। এ সাফল্য তাদের সামনের দিকে এগিয়ে যেতে অনেক অনুপ্রেরণা জোগাবে। সাদাতের মা মলিনা খাতুন ছেলের এ সাফল্যের কথা ব্যক্ত করতে গিয়ে বলেন, সে নড়াইল তথা দেশের সুনাম বয়ে এনেছে। এ জন্য আমরা খুবই আনন্দিত। সাদাতের সঙ্গে তার বাবাও নেদারল্যান্ডসে রয়েছেন। আগামী ১৬-১৭ নভেম্বর তারা দেশে আসবেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সাদাতের আইডিয়া আমাদের অ্যাকশন। এটা আমাদের একটি বড় সাফল্য। এ পর্যন্ত সাইবার টিনস-এর মাধ্যমে প্রায় ৫০টির মতো অভিযোগের মীমাংসা হয়েছে। ১২টির মতো সাইবার অপরাধীর বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে বুঝিয়ে, তাদের সঙ্গে কাউন্সেলিং করে এবং অভিভাবককে জানিয়ে এ সমস্যা মোকাবিলা করা হয়েছে। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, সাইবার বুলিংয়ের শিকার কিশোর-কিশোরীদের রক্ষায় সাদাত অ্যাপ তৈরি করেছে তা অভাবনীয়। আমরা এ আইডিয়ার সঙ্গে প্রথম থেকেই রয়েছি। তার টিমকে জেলা শিল্পকলা ভবনে একটি কক্ষ দেওয়া হয়েছে কাজ করার জন্য। অনেক ক্ষেত্রে তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের তরফ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। এভাবে এক সাদাতের মাধ্যমে সারা বাংলাদেশ ওঠে আসবে। সাদাত নড়াইলে এলে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।