Home আঞ্চলিক অপসারণের সময় ধসে পড়ল পরিত্যক্ত ভবন

অপসারণের সময় ধসে পড়ল পরিত্যক্ত ভবন

0


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন অপসারণের সময় ধসে পড়েছে। এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ছয় শ্রমিক। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য সদস্যরা ধসে পড়া ভবনের বিমের নিচে আটকে থাকা অবস্থায় তাদের উদ্ধার করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসাধীন শ্রমিকেরা হলেনু জুবায়ের হোসেন (২০), মফিজুল ইসলাম (৩৫), মো. আলাউদ্দীন (৪২), ইদ্রিস আালী (৩৮), রানা আহম্মেদ (২৪) ও জয়নাল আবেদীন (৩৩)। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার ফতেপুর ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামে। কামাল ঠিকাদারের শ্রমিক হিসেবে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছিলেন তারা।


পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর রহমানের ভাষ্য, সম্প্রতি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন বিক্রির দরপত্র সম্পন্ন হয়। দুই দিন ধরে ঠিকাদারের লোকজন ভবনটি অপসারণের কাজ করছেন। বুধবার সকাল থেকে শ্রমিকরা দোতলায় উঠে একতলার ছাদ ছিদ্র করছিলেন। হঠাৎ একতলার কয়েকটি পিলার হেলে যেতেই বিকট শব্দে গোটা ভবন ধসে পড়ে। এ সময় ছয় শ্রমিক ধসে পড়া ভবনে আটকা পড়েন।

চিকিৎসাধীন মফিজুল ইসলাম বলেন, কয়রা উপজেলার কামাল ঠিকাদারের হয়ে তারা ভবন ভাঙার কাজ করছিলেন। বুধবার সকালে দোতলায় দাঁড়িয়ে একতলার ছাদ ছিদ্র করছিলেন। এ সময় পুরো ভবন ধসে পড়ে মাটিসমান হয়ে যায়। তবে দোতলার একটি ‘বিম’ ভেঙে পড়া একতলার একটি পিলারে আটকে যায়। এ কারণে তারা ছয়জন আহত হলেও ছাদচাপা থেকে রক্ষা পান।