Home আঞ্চলিক পরিচালনা কমিটির ১৩তম সভা : সোলার পার্ক, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতাসহ একগুচ্ছ...

পরিচালনা কমিটির ১৩তম সভা : সোলার পার্ক, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতাসহ একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ

12

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ১৩তম সভা সোমবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) এর আলোকে সরকার কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে চট্টগ্রামে পাহাড় ধসসহ সারাদেশে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি হিসেবে মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে দৈনিক মজুরী ভিত্তিতে ১’শ জন এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজে দৈনিক মজুরী ভিত্তিতে ৬’শ ৫০ জন শ্রমিক নিয়োগ, সোনাডাঙ্গা সোলার পার্কে বেসরকারিভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ, খুলনা ওয়াসা কর্তৃক খননকৃত সড়ক মেরামতের বিষয়ে উভয় সংস্থার মধ্যে সভা আহবান, ঠিকাদারের মাধ্যমে বড় ড্রেনগুলির বর্জ্য অপসারণ, দুপুরের পর বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএস-এ স্থানান্তর এবং এসটিএস থেকে দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণ, দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রূপসা স্লুইচগেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপন, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারী কাঁচা বাজারে অনুমোদনহীন ৫৩টি আড়ৎ ঘরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে কমিটি গঠন এবং আগামী মাসের প্রথম দিকে কেসিসি’র ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরো জোরদারকরণ; পিটিআই মোড় ও নতুন বাজার মোড়ের এসটিএস স্থানান্তরের জন্য জেলা প্রশাসনের মালিকানাধীন পার্শ্ববর্তী অব্যবহৃত জায়গা বরাদ্দ এবং কবির বটতলা ও কল্পতরু মার্কেট সংলগ্ন এলাকার এসটিএস স্থানান্তরের জন্য কেডিএ’র মালিকানাধীন জায়গা বরাদ্দের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসন ও কেডিএ বরাবর পত্র প্রেরণসহ নিরালা কবরখানা সংলগ্ন এলাকায় নির্মিত এসটিএস-এ যাতায়াতের জন্য কেডিএ কর্তৃক নির্মাণাধীন সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। রূপসা পাইকারী মৎস্য বাজার সংলগ্ন উম্মুক্ত জায়গায় একটি হাস-মুরগী ও ডিমের পাইকারী বাজার নির্মাণের লক্ষ্যে জায়গা বরাদ্দ এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের লক্ষ্যে সুবিধাজনক স্থানে একটি জায়গা নির্ধারণের বিষয়ে জেলা প্রশাসনে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ন্যুনতম দু’টি ওয়ার্ড মিলিয়ে একটি ছোট খেলার মাঠ, শিশুদের জন্য ছোট ছোট শিশু পার্ক নির্মাণসহ শহিদ হাদিস পার্ক সংলগ্ন খুলনা ওয়াসা’র ৬টি কোরিন গ্যাস সিলিন্ডার স্থানান্তরের জন্য জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, এঙ্িিকউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, কেডিএ’র সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, বিটিসিএল-এর ম্যানেজার এস এম সাদমান রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: মুরশীদ আলমসহ সড়ক ও জনপথ, বিভাগীয় স্বাস্থ্য, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধি এবং কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।