Home আঞ্চলিক খুলনায় ৮ লক্ষাধিক টাকার ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় ৮ লক্ষাধিক টাকার ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

28


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১৩ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের দিকে লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ “মেসার্স শেফা মেডিকেল হল” এর সামনের পাকা ফুটপাত থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—খুলনার রূপসা উপজেলার মিল্কি দেহারা (কাচারিঘাট) এলাকার মৃত আব্দুল হাই চৌধুরীর ছেলে মো. সিমবাদ চৌধুরী (২৮) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী এলাকার মৃত মোক্তার হাওলাদারের ছেলে মো. রুবেল হাওলাদার (৩১)। রুবেল বর্তমানে খুলনা সদর থানার বড় বাজার রেল স্টেশন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কেএমপি খুলনার লবণচরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নামে। দলটিতে অন্তর্ভুক্ত ছিলেন পুলিশ পরিদর্শক (নি.) মো. আলী আজিম, এসআই মো. শরিফুল ইসলাম, এএসআই মো. আনোয়ার হোসেন এবং কনস্টেবল মো. আশরাফুল আলম। অভিযানকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বড় স্বচ্ছ পলিথিনের ভেতরে স্কচ টেপ দিয়ে মোড়ানো ১১টি পোটলা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ২ কেজি করে সর্বমোট ২২ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারের পর আসামিদের অপরাধ রেকর্ড (সিডিএমএস) পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে যে, এদের বিরুদ্ধে পূর্বের ফৌজদারি মামলা রয়েছে। আসামি মো. সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে কেএমপি’র দৌলতপুর থানায় মেট্রো-অধ্যাদেশের ৭৮ ধারায় একটি মামলা (নন এফআইআর নং-৬৪, তারিখ: ২১ মার্চ, ২০২৫) রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় আসামি মো. রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় চুরি ও সিঁধেল চুরির অপরাধে একটি নিয়মিত মামলা (এফআইআর নং-২৯, জি আর নং-৫৮, তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ২০১৩) রয়েছে।

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং বিপুল পরিমাণ এই মাদক চালানের উৎস ও এর সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের আইনি প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে।