মিলি রহমান।।
দেশের অধিকাংশ এলাকাজুড়ে চলছে টানা ভারী বৃষ্টিপাত। ছাতা ব্যবহার করেও অনেক সময় ভেজা এড়ানো যাচ্ছে না। বর্ষার এই আবহাওয়া অনেকের কাছে উপভোগ্য হলেও বৃষ্টিতে ভিজে যথাযথ সতর্কতা না নিলে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষার বৃষ্টির পানির সঙ্গে ধুলো, দূষিত কণা এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংস্পর্শে আসার আশঙ্কা থাকে। তাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর কিছু সহজ অভ্যাস মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
নিরাপদ আশ্রয় নিন
হঠাৎ প্রবল বৃষ্টির মধ্যে পড়লে সম্ভব হলে কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। অতিরিক্ত ভিজে যাওয়া এড়াতে বৃষ্টি কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করাই ভালো।
দ্রুত ভেজা পোশাক বদলান
বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব ভেজা কাপড় খুলে শুকনো পোশাক পরুন। দীর্ঘ সময় ভেজা কাপড় পরে থাকলে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। পাশাপাশি ত্বকে ছত্রাক ও অন্যান্য সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
শরীর ও চুল ভালোভাবে মুছে নিন
তোয়ালে দিয়ে শরীর ও চুল ভালোভাবে শুকিয়ে নিন। দীর্ঘ সময় চুল ভেজা থাকলে মাথার ত্বকে অস্বস্তি, খুশকি বা ছত্রাকের সমস্যা দেখা দিতে পারে।
বাড়ি ফিরে গোসল করুন
বৃষ্টির পানিতে ধুলো ও দূষিত কণা থাকতে পারে। তাই বাড়ি ফিরে পরিষ্কার পানি দিয়ে গোসল করা ভালো। সম্ভব হলে কুসুম গরম পানি ব্যবহার করুন। এতে শরীর পরিষ্কার থাকার পাশাপাশি ঠান্ডা লাগার ঝুঁকিও কমে।
শরীর উষ্ণ রাখুন
পোশাক বদলের পর গরম চা, কফি, স্যুপ বা গরম খাবার খেতে পারেন। এতে শরীর দ্রুত স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে। প্রয়োজনে কিছুটা মোটা বা উষ্ণ পোশাক পরাও উপকারী।
পা পরিষ্কার করুন
স্নানের সুযোগ না থাকলে অন্তত সাবান ও পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে ফেলুন। বিশেষ করে আঙুলের ফাঁকগুলো ভালোভাবে শুকিয়ে নিন। এতে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকি কমে। বর্ষাকালে সামান্য কিছু সতর্কতা মেনে চললেই বৃষ্টি উপভোগের পাশাপাশি সুস্থ থাকাও সম্ভব।











































