Home আঞ্চলিক পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

1


খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।Geographic Reference

শনিবার (১১ জুলাই) খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

.
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও জোরদার করতে হবে। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে গত ২ জুলাই পর্যন্ত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার উদ্যোগে প্রায় এক কোটি ৭০ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।

.
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সড়কের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নকে এগিয়ে নিচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিনের ব্যবহার। পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ আজ হুমকির মুখে, তাই ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় দুই কোটি কেওড়া গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। তিনি দেশের প্রতিটি খালি জায়গায় ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর আহ্বান জানান।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, বন সংরক্ষক ইমরান আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং নার্সারি মালিক সমিতির সভাপতি মো. বদরুল আলম রয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান। জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।এর আগে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাসব্যাপী চলা এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মোট ৬২টি স্টল অংশ নিয়েছে।