স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি ইজিবাইকের সাথে বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।









































