Home খেলাধুলা যুক্তরাষ্ট্র নাকি বেলজিয়াম—শেষ আটের টিকিট কে পাবে?

যুক্তরাষ্ট্র নাকি বেলজিয়াম—শেষ আটের টিকিট কে পাবে?

1


স্পোর্টস ডেস্ক

কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যতম অভিজ্ঞ দল বেলজিয়াম।যুক্তরাষ্ট্রের রয়েছে— তরুণদের উচ্ছ্বাস, গতি ও দর্শকদের অগাধ সমর্থন। অন্যদিকে বেলজিয়াম রয়েছে— অভিজ্ঞতা, কৌশল আর বড় ম্যাচে নিজেদের প্রমাণ করার ইতিহাস। কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে দুই দলের লক্ষ্য এক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় শুরু হবে এ খেলা। স্বাগতিক হওয়ায় গ্যালারির বড় অংশজুড়েই থাকবে যুক্তরাষ্ট্রের সমর্থকদের গর্জন, যা ম্যাচে বাড়তি প্রেরণা জোগাতে পারে মার্কিন ফুটবলারদের।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করে তারা। অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে নকআউটের পথ অনেকটাই সহজ করে ফেলে। শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও গ্রুপ পর্ব শেষ করে শক্ত অবস্থানেই। রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিকরা। দ্রুত আক্রমণ, উচ্চগতির প্রেসিং ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি।

বেলজিয়ামের যাত্রাও ছিল লড়াইয়ে ভরা। গ্রুপ পর্বে মিশরের সঙ্গে ১–১ গোলে ড্র দিয়ে শুরু করলেও পরে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। শেষ ম্যাচে ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই নকআউটে ওঠে তারা। রাউন্ড অব ৩২-এ শক্তিশালী সেনেগালকে ৩–২ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয়। কঠিন পরিস্থিতিতে ম্যাচ নিয়ন্ত্রণে রাখার সামর্থ্য আবারও দেখিয়েছে বেলজিয়াম।

যুক্তরাষ্ট্রের আক্রমণের মূল ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিচ। তার গতি, ড্রিবলিং এবং সৃজনশীলতা প্রতিপক্ষের রক্ষণে বড় হুমকি। মাঝমাঠে ওয়েস্টন ম্যাককেনি ও ইউনুস মুসাহ দলের ছন্দ ধরে রাখছেন। আক্রমণে ফোলারিন বালোগুন গোলের খোঁজে রয়েছেন, আর রক্ষণে টিম রিম ও গোলরক্ষক ম্যাট টার্নার আত্মবিশ্বাস জোগাচ্ছেন দলকে।