সাতক্ষীরা প্রতিনিধি
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও সাতক্ষীরা জেলায় এখনো ১৩টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়নি|
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত মোট ১৩০টি বিদ্যালয়ের মধ্যে ১১৭টির কাজ শেষ হলেও বাকি এ সব বিদ্যালয়ের নির্মাণকাজ ঝুলে আছে| যেসব বিদ্যালয়ের কাজ এখনো শেষ হয়নি, সেগুলো হলো— আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়; তালা উপজেলার শিরাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম ˆকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা সদর উপজেলার লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়|
আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী বলেন, ২০২৪ সালে কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি| প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাকি কাজ কীভাবে সম্পন্ন হবে, এ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন|
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয় ভবন নির্মাণে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা জরুরি| তিনি জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে কাজ যথাযথভাবে বুঝে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে|
এ বিষয়ে সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি|











































