ঢাকা অফিস।।
রাজধানীর চকবাজারের একটি পলিথিন কারখানা থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার করেছে র্যাব।
শনিবার (৪ জুলাই) রাত ১১টার পর লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার কাজল মিয়ার তিন তলা ভবনের নিচতলার পলিথিন কারখানা থেকে অস্ত্রটি উদ্ধার হয়।
র্যাব জানায়, কারখানাটির একটি মেশিনের নিচ থেকে সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভেতরে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীতে যাচাই করে জানা যায় পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্টে ঢাকার শ্যামপুর থানা থেকে লুট হয়েছিল।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে র্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
একইসঙ্গে র্যাব-১০ সবসময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।










































