বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসা শেষে সন্ধ্যায় তারা সুস্থ হয়ে বাড়ি ফেরে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নূর বলেন, ‘এদিন ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। এদের মধ্যে ১১ শিক্ষার্থী প্রচণ্ড পেট ব্যথা অনুভব করে। প্রথমে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে।’
শরণখোলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার বলেন, ‘শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে, সে ব্যাপারে শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদকে বৃহস্পতিবার তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। অসুস্থ হওয়ার সঙ্গে ডিমের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা অস্বাস্থ্যকর ডিম সরবরাহ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা গেছে, ‘ওসাকা পাবনা’ নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় মুক্তি নামের এক ব্যক্তির মাধ্যমে শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে থাকে।









































