স্পোর্টস ডেস্ক।।
স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করে ব্রাজিল। এই উৎসবের আমেজ কেবল ব্রাজিলের সীমানাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছড়িয়ে পড়েছে সুদূর লেবাননেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, এই জয়ের পর মধ্যরাতে লেবাননের শত শত মানুষ রাস্তায় নেমে উল্লাস করছেন।
লেবাননের সড়কগুলোতে দেখা যায় উৎসবের এক অভূতপূর্ব আমেজ।
সমর্থকদের মুহুর্মুহু গাড়ির হর্ন, আতশবাজি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে রাজপথ। ভিডিওগুলোতে দেখা যায়, অনেক চালক চলন্ত গাড়ি থেকে ব্রাজিলের পতাকা ওড়াচ্ছেন এবং ফুটপাতে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ সেই আনন্দ উপভোগ করছেন।
লেবাননের জন্য এই সময়টি অত্যন্ত প্রতিকূল। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা লেবাননকে আবারও এক গভীর সংকটের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ ইউনিট ‘কুদস ফোর্স’-এর কমান্ডার হুঁশিয়ারি দিয়েছেন যে, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করলে ইসরায়েল পরাজিত হয়ে পালাতে বাধ্য হবে। এর ঠিক একদিন আগেই ইসরায়েল সরকার আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দেয়।
যদিও কাগজে-কলমে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবুও সীমান্তে সহিংসতার খবর নিয়মিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও সেনা প্রত্যাহারের বিষয়ে পক্ষগুলো এখনও কোনো চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি।
যুদ্ধের এই বিভীষিকা আর উত্তজনাপূর্ণ পরিস্থিতির মাঝে ব্রাজিলের জয় লেবাননের সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছিল এক বিরল প্রশান্তির মুহূর্ত। ঐতিহাসিকভাবেই ব্রাজিলের সাথে লেবাননের মানুষের এক নিবিড় আত্মিক সম্পর্ক রয়েছে। মূলত ব্রাজিলে বসবাসরত বিশাল সংখ্যক লেবাননি অভিবাসী এবং গত এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা সাংস্কৃতিক মেলবন্ধনের ফলেই এই অটুট বন্ধন তৈরি হয়েছে।









































