Home খেলাধুলা সাকিবসহ এলপিএলের এনওসি পেলেন যারা

সাকিবসহ এলপিএলের এনওসি পেলেন যারা

2

স্পোর্টস ডেস্ক।।

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে অংশ নিতে সাকিব আল হাসানসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এলপিএলের সূচির সঙ্গে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় জাতীয় দলকে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছাড়াই খেলতে হবে।

বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান সরাসরি চুক্তির মাধ্যমে এলপিএলে দল পেয়েছেন। একই পদ্ধতিতে দলে সুযোগ পেয়েছেন লিটন দাস ও তাসকিন আহমেদ। বিসিবি তাদের তিনজনকেই টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না লিটন ও তাসকিন। এই সিরিজে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

ড্রাফট থেকে দল পাওয়া মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও এলপিএলে অংশ নিতে এনওসি পেয়েছেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস জানিয়েছেন, লিটন ও তাসকিনকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাইরে রাখা হয়েছে। পাশাপাশি সাকিব, মিরাজ ও হাসান মাহমুদকেও এলপিএলে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এবারের এলপিএলে সাকিব ও তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। লিটন ও মিরাজকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটরস। অন্যদিকে হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।

আগামী ১৭ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।

এদিকে চলতি মাসে জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। ওয়ানডে সিরিজ শেষ হবে ১১ জুলাই, আর টি-টোয়েন্টি সিরিজ চলবে ১৯ জুলাই পর্যন্ত।