খালিশপুরে সাংগঠনিক সভায় মনা ও তুহিনের হুঁশিয়ারি
।। খবর বিজ্ঞপ্তি।।
দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে এবার সবচেয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে খুলনা মহানগর বিএনপি। এই ধরণের অপকর্মে জড়িতদের কোনো প্রকার কারণ দর্শানো (শো-কজ) নোটিশ ছাড়াই সরাসরি দল থেকে বহিষ্কার করে পুলিশের হাতে সোপর্দ করার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় স্থানীয় গোলপাড়া কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা বিএনপি আয়োজিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন দলীয় নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দেন। দেশবিরোধী চক্রের মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এড. শফিকুল আলম মনা বলেন, বর্তমান জনবান্ধব সরকারের দেশমুখী ও ইতিবাচক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্ন ধরণের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই নেই, মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা উল্লেখ করে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অত্যন্ত শক্ত ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির ব্যানার বা পরিচয় ব্যবহার করে যারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের কোনো ছাড় নেই; কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা দেওয়া বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব। সাম্প্রতিক সময়ে খুলনার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ‘মব জাস্টিস’ বা বিশৃঙ্খলার প্রতি ইঙ্গিত করে তুহিন স্পষ্ট করে বলেন, বিএনপির পরিচয়ে কেউ যদি মব সৃষ্টি করে কারও বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান, পেশাদারি সংগঠনে হামলা চালায়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট বা দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত ছিল, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। দলের কেউ অপকর্মে জড়ালে কোনো নোটিশ ছাড়াই বহিষ্কার করে সরাসরি থানায় সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের ঐক্যবদ্ধভাবে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। ইতোমধ্যে যাদের বিরুদ্ধে বিভিন্ন ছোটখাটো অভিযোগ এসেছে, তাদেরকে অবিলম্বে সংশোধন হওয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম তুহিন বলেন, দ্বিতীয়বার নিজেকে শুধরে নেওয়ার আর কোনো সুযোগ দেওয়া হবে না।
খুলনার উন্নয়ন প্রসঙ্গে বক্তারা খুলনার সার্বিক উন্নয়নে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নানামুখী প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে খুলনা বিভাগীয় স্টেডিয়াম আধুনিকায়ন এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছে। বকুলের হাত ধরেই খুলনার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিএনপি নেতা গাজী সালাউদ্দিন এবং পুরো সভাটি পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। এর আগে, শফিকুল আলম মনা কেডিএ’র চেয়ারম্যান এবং শফিকুল আলম তুহিন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় খালিশপুর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দেওয়া হয়।











































