Home Lead বৃষ্টিতে ডুবে গেছে খুলনার রাস্তা: এক ঘণ্টার বর্ষণেই জলজট, চরম ভোগান্তি

বৃষ্টিতে ডুবে গেছে খুলনার রাস্তা: এক ঘণ্টার বর্ষণেই জলজট, চরম ভোগান্তি

7


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরে টানা এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টা থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নগরীর এই পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা ঘাট এলাকা, দৌলতপুর, বয়রা ও মুজগুন্নিসহ বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে হাঁটুসমান পানি জমে যায়।


সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল অত্যন্ত ধীর হয়ে পড়ে এবং অনেক মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যক্তিগত গাড়ি পানিতে আটকে বিকল হয়ে যায়। অফিস শেষে বাসায় ফেরার পথে ভোগান্তির শিকার হওয়া নগরীর বাসিন্দা মাহমুদ হাসান বলেন, “মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে গেছে। কোথাও ম্যানহোল বা গর্ত আছে কি না বোঝার উপায় নেই। জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে।” পিটিআই মোড় এলাকায় ইজিবাইক নিয়ে আটকে পড়া চালক আব্দুর রহিম জানান, বৃষ্টির পানি বেশি থাকায় মোটরে পানি ঢুকে গাড়ি নষ্ট হয়ে গেছে। যাত্রী নামিয়ে দিয়ে অনেক কষ্টে গাড়ি ঠেলে নিরাপদ স্থানে নিতে হয়েছে। আজকের আয় তো বন্ধ হলোই, উল্টো এখন মেরামতের খরচ গুনতে হবে।


হঠাৎ এই ভারী বর্ষণে কর্মস্থল থেকে ফেরত চাকুরিজীবী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেককে ময়লা পানির মধ্যেই হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। সড়কের এই জলজটের কারণে বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। এছাড়া নিচু এলাকায় অবস্থিত বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। বয়রা বাজার এলাকার ব্যবসায়ী মো. সোহেল রানা বলেন, “বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দোকানের সামনে পানি জমে যাওয়ায় বিকেলের ব্যস্ত সময়ে ক্রেতারা ফিরে গেছেন। এভাবে বারবার জলাবদ্ধতা হলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে।”


নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই খুলনার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও এর স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অনেক স্থানে ড্রেন ও খাল দখল-দূষণের কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না বলে মনে করছেন তারা। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যার ফলে আগামী কয়েকদিনেও খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।