স্টাফ রিপোর্টার।।
দুর্নীতি, দলীয়করণ ও লুটপাটের কারণে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’স্লোগানটি এখন ‘সবার আগে বিএনপি’তে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ১১ দলীয় ঐক্য, খুলনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে গণমানুষের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাজপথে নামতে চাই না, চাই সংসদেই সবকিছুর সমাধান হোক। কিন্তু সরকার যদি আমাদের বাধ্য করে, তাহলে রাজপথই হবে চূড়ান্ত জায়গা। কারণ প্রেম তো একতরফা হয় না। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হলে প্রয়োজন হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
সীমান্তে পুশইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংসদে একজন সংসদ সদস্য নোটিশ দিয়ে বক্তব্য দিতে চাইলেও তাকে তা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
প্রেস ব্রিফিং শেষে মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়সহ বিভিন্ন স্থানে সমাবেশের লিফলেট বিতরণ করেন। পরে তারা সার্কিট হাউস মাঠে নির্মাণাধীন সমাবেশের মঞ্চ ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জামায়াত ও ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।











































