Home খেলাধুলা বুট জোড়া তুলে রাখলেন ইতালির ইউরোজয়ী স্ট্রাইকার

বুট জোড়া তুলে রাখলেন ইতালির ইউরোজয়ী স্ট্রাইকার

0

স্পোর্টস ডেস্ক।।

ইতালিকে ২০২০ ইউরো জেতানো দলের অন্যতম তারকা স্ট্রাইকার চিরো ইমমোবিলে ৩৬ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন। শুক্রবার প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে পেশাদার ফুটবল থেকে নিজের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই ইতালিয়ান গোলমেশিন।

ভিডিওতে জানুয়ারিতে যোগ দেওয়া ফরাসি লিগ আঁর ক্লাবের সতীর্থদের উদ্দেশে ইমমোবিলে বলেন, ‘আমার জন্য এটি অত্যন্ত কঠিন এক মুহূর্ত, কারণ জীবনের অন্যতম সেরা একটি অধ্যায়ের আজ সমাপ্তি ঘটছে। আমি এই কাজটিকে (ফুটবল) সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছি, তবে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের কাছে সৎ থাকাটাই শ্রেয় মনে করছি।’

বিদায়ের কারণ ব্যাখ্যা করে ইতালির এই তারকা আরো যোগ করেন, ‘কষ্ট সহ্য করে যখন আর নিজের সবটুকু দেওয়া সম্ভব হয় না কিংবা অনুশীলনে যখন সেরাটা নিংড়ে দেওয়া যায় না, তখন খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না, কারণ তোমরা সবাই অসাধারণ একটি পরিবার… তবে এখন আমার পরিবারকে সময় দেওয়ার সঠিক সময় এসে গেছে। টানা ১৭ বছর তারা আমাকে অনুসরণ করেছে, আমার পাশে ছিল; আজ তাদের আমাকে প্রয়োজন।’

১৭ বছরের দীর্ঘ ও রঙিন পেশাদার ক্যারিয়ারে ক্লাব ফুটবলে মোট ৬৫৬ ম্যাচে ৩৫০টি গোল করেছেন এই প্রতিভাবান স্ট্রাইকার। তবে তার ক্যারিয়ারের সোনালি সময় কেটেছে ইতালিয়ান ক্লাব লাৎসিওতে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত লাৎসিওর হয়ে ৩৪০ ম্যাচে ২০৭টি গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার গৌরব অর্জন করেন তিনি। লাৎসিও ছাড়াও দেশের বাইরে বোরুসিয়া ডর্টমুন্ড, সেভিয়া এবং তুরস্কের বেসিকতাসের হয়ে খেলেছেন তিনি।

জাতীয় দল ইতালির জার্সিতে ৫৭টি ম্যাচ খেলেছেন ইমমোবিলে। উইম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে করোনাভাইরাস মহামারির কারণে এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত ‘ইউরো ২০২০’ শিরোপাজয়ী ইতালি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

চলতি বছরের শুরুতে উরুর গুরুতর চোট কাটিয়ে ফেরার পর ফেব্রুয়ারিতে ফরাসি ক্লাব ‘প্যারিস এফসি’-তে যোগ দেন তিনি। চোট ও অফ-ফর্মের কারণে ফরাসি ক্লাবটির হয়ে মাত্র দুটি গোল করতে পেরেছিলেন ইমমোবিলে।

অবশেষে মাঠের পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই ক্যারিয়ারের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।