স্টাফ রিপোর্টার
খুলনার সবুরণনেছা মহিলা কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁর এ মনোনয়ন অনুমোদন করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে কলেজটির গভর্নিং বডির বর্তমান সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান কবিরের মনোনয়ন পরিবর্তন করে তাঁর স্থলে এহতেশামুল হক শাওনকে মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে কলেজটির বিদ্যোৎসাহী সদস্য পদেও পরিবর্তন আনা হয়েছে। বিদ্যোৎসাহী সদস্য মনজুর কাদেরের পরিবর্তে মো. নাজমুস সাকিবকে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন পরিবর্তন করা হয়েছে।
চিঠি অনুযায়ী, কলেজটির গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে সংশ্লিষ্ট সংবিধির ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।










































