খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় খুলনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহানগর বিএনপি, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাংবাদিকেরা অংশ নেন। প্রিয় সহকর্মীর সুস্থতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ, সংগ্রাম ও ব্যক্তিগত গুণাবলি স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, আব্দুর রহমান ডিনো, আব্দুস সালাম, মেহেদী হাসান সোহাগ, আবু সাঈদ শেখ, ডা. আ. হালিম মোড়ল, আলমগীর হোসেন রাজা, আব্দুল্লাহেল কাফি সখা, জাবির আলী ও শফিকুল ইসলাম শাহীনসহ মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হাসান আহম্মেদ মোল্লা, আবু তৈয়্যব মুন্সি, মিজানুর রহমান মিলটন, শামীমুজ্জামান, রকিকুল ইসলাম মতি, ইয়াসমিন আরাফাত রুমি, মো. রাজু আহমেদ ও ইমাম হোসেন সুমনসহ অনেকে।
বক্তারা নাজমুল হুদা চৌধুরী সাগরের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে তিনি একাধিকবার হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির প্রতি অবিচল থেকে তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁরা আরও বলেন, রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা সাগর ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী, বিনয়ী ও সহজ-সরল মানুষ। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও আন্তরিকতার কারণে তিনি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তাঁর অসুস্থতার সময়ে সহকর্মীদের এই দোয়া ও ভালোবাসা তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যাশাকেই তুলে ধরে।
বক্তারা মহান আল্লাহর কাছে নাজমুল হুদা চৌধুরী সাগরকে দ্রুত সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাগরের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং খুলনাসহ দেশব্যাপী বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশ্ব মিশন ইসলাম দাখিল মাদ্রাসার সুপার এমডি ইমামুল হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।











































