স্টাফ রিপোর্টার।।
খুলনায় যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতাকে গুলি করার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এসব ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।
এরই মধ্যে আজ বুধবার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একই হাসপাতালে গুলিবিদ্ধ যুবদল নেতা অহিদুল ইসলাম বাদলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনিও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
গত সোমবার রাতে থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে খুলনার বটিয়াঘাটা থানার আওতাধীন দুটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনা ঘটে চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানে। অন্যটি ঘটে বটিয়াঘাটা কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
গুলিবিদ্ধ অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। সোহেল শেখ আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা যুবদলের নেতা।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, পরপর দুটি গুলির ঘটনার পর বুধবার ওসি মেহেদী হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানকে বটিয়াঘাটা থানার নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে। বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
নবাগত ওসি এস এম মিজানুর রহমান জানান, আহত ব্যক্তিরা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।











































