ঢাকা অফিস
সস্তা বাহবা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে আঘাত হানবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী এ মন্তব্য করেন।
আইজিপির সাম্প্রতিক ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একটি পুলিশ বাহিনীর প্রধান সরকারের একটি অংশ। তিনি আবার ক্রসফায়ারের কথা বলেন কীভাবে? যদি স্লিপ অব টাং (মুখ ফসকে) বলে থাকেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এ ধরনের বক্তব্য সরকারকে বিব্রত করার মতো অবস্থা। তিনি বলেন, ‘তাঁর মুখ থেকে এ ধরনের কথা আসা সত্যিই আমাদের ভাবিয়ে তুলছে, সরকারকেও ভাবিয়ে তুলছে।’
রিজভী আরও বলেন, সস্তা ক্রেডিট নেওয়ার জন্য দায়িত্বশীল অবস্থান থেকে এ ধরনের কথা বলা হলে তা দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে আঘাত হানবে।
পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে তিনি তাঁদের কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর মতে, নিরপেক্ষভাবে ও স্বাধীনভাবে আইন প্রয়োগ করা হলে সমাজে কোনো অপরাধ থাকবে না।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে রিজভী বলেন, তরুণদের স্বাধীনভাবে দক্ষ করে তুলে দেশের উৎপাদন ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করাই বিএনপির মূল লক্ষ্য। জাতির পুনর্গঠনে তরুণ সমাজকে বিশৃঙ্খল নয়, মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, ফেরদৌস মুন্না, এজমাল হোসেন পাইলট, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক প্রমুখ।
এর আগে সকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।











































