মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুদ গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় বড় ভাই সিদ্দিক গাজীর (৫০) লাঠির আঘাতে মাসুদ গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
শালিখা থানার ওসি মো. আশিকুর রহমান জানিয়েছেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা জখম দেখা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
তবে আটক নারীদের পরিচয় জানাননি তিনি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।











































