বিনোদর ডেস্ক।।
লাইফস্টাইল ভ্লগিং এবং নানা ধরনের ট্রেন্ডিং রিল ভিডিওর জনপ্রিয় করটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্ত রহস্যজনকভাবে মারা গেলেন। সম্প্রতি আসামের এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের রহস্যমৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। এর ফলে সোশ্যাল মিডিয়ার গ্ল্যামার ও হাসিখুশি ভ্লগের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক যেন ফের একবার সামনে এলো।
আসামের তিনসুকিয়ার কাকপাথারের বাসিন্দা যুগমায়া দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। মূলত লাইফস্টাইল ভ্লগিং এবং নানা ধরনের ট্রেন্ডিং রিল ভিডিও তৈরি করে তিনি পরিচিতি অর্জন করেছিলেন। তার সাবলীল উপস্থাপনা ও হাসিমুখের কনটেন্ট অল্পদিনেই নজর কেড়েছিল অনুরাগীদের।
গত ২৬ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় হঠাৎই যুগমায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের সূত্রে জানা যায়, কিছুদিন আগেও বাপের বাড়ি গিয়ে ফেরার সময় মায়ের সঙ্গে তার কথা হয়েছিল। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার আত্মহত্যার জল্পনা করলেও, এর নেপথ্যে আর্থিক সমস্যা, দাম্পত্য কলহ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে পুরোপুরি ধোঁয়াশা রয়েছে।
তার বাবার পরিবারের দাবি, যুগমায়ার দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের অশান্তি ছিল না। হঠাৎ এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ফোনটি খতিয়ে দেখলেই মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় এই তরুণী ক্রিয়েটরের আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত তার অনুরাগীরা।











































