বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে আল-আমিন ইসলাম (৩৭) নামের বাংলালিংক সিম কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা, সিম ও সিমকার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কাঠালতলা ফুটবল মাঠের সামনের সড়কে এ ঘটনা ঘটে।আহত আল-আমিন ইসলাম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোলদার শেখের ছেলে।
তিনি বাংলালিংক ডিস্ট্রিবিউশনের খুচরা বিক্রয় কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেন।বাংলালিংকের আরেক বিক্রয়কর্মী শরিফুল ইসলাম জানান, আল-আমিন সিঅ্যান্ডবি বাজার এলাকায় কাজ শেষে ব্যাংকে টাকা জমা দিতে শহরে ফিরছিলেন। পথে কাঁঠালতলা এলাকায় একটি সবুজ রঙের মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তার গতিরোধ করেন। তাকে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেওয়া হয়। এতে তিনি পড়ে গেলে তার কাছে থাকা নগদ টাকা, সিম ও সিমকার্ড নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সোহেলুর রহমান বলেন, তার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি নেওয়া হয়েছে। আপতত তিনি শঙ্কামুক্ত।এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।এর আগে গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় অস্ত্রের মুখে এক বিকাশকর্মীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এছাড়া গত দুই মাসে জেলার চিতলমারীসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।










































