আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গাছের নিচে চাপা পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তারা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাস বয়ে গেছে। বুধবার (২৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, অনাকাপল্লে, কাকিনাড়া, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী জেলায় একজন করে মারা গেছেন।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় অর্ণব অতি প্রবল ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে উপকূলে আঘাত হানে।
উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্র ইতোমধ্যে পুরোপুরি স্থলভাগে প্রবেশ করেছে এবং উপকূল অতিক্রমের প্রক্রিয়া শেষ হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ সময় ধীরে ধীরে শক্তি হারাবে অর্ণব। আগামী ছয় ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে এবং পরবর্তী ছয় ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
——————————————————————————————————————————–
তথ্যসূত্র: এনডিটিভি










































