স্টাফ রিপোর্টার।।
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ১৫ আগস্ট উপলক্ষ্যে নগরীর গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নগরীর লবণচরা থানার মদিনানগর গলির নজরুল ইসলামের ছেলে আলী হোসেন (২৪), খুলনা সদর থানার দরগা রোডের মেজরের মোড়ের জুলহাসের ছেলে মো. ইমন (২৬), লবণচরা থানার সাচিয়াবুনিয়ার সিদ্দিকুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৬), সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারীর কুবা মসজিদের পাশের মৃত আরশাদ আলীর ছেলে আব্দুস সামাদ (৫২) ও সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারীর চিড়ার মিল গলির মো. সফিকুল সরদারের ছেলে মো. রনি সরদার (২৭)।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) উপকমিশনার ত ম রোকনুজ্জামান বলেছেন, সকাল সাড়ে ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি এবং রাষ্ট্রের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে নগরীর গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে জড়ো হয়।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচজন গ্রেপ্তার করা হয়। পুলিশের আগমন টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।










































