।। খবর বিজ্ঞপ্তি।।
গণতন্ত্র পুনরুদ্ধারের রূপকার, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগরীর সোনাডাঙ্গা ও দৌলতপুর থানায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সোনাডাঙ্গা ও দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে পৃথক পৃথক স্থানে এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা চক্রান্তকারী ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে এড. শফিকুল আলম মনা বলেন, দেশের সার্বিক রাজনৈতিক দৃশ্যপট বদলালেও ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা থেমে নেই। চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে এ দেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় ঘটালেও গুপ্ত চক্রান্তকারীরা এখনো সক্রিয় রয়েছে। তারা ভিন্ন পরিচয়ে বা নেপথ্যে থেকে দেশ ও জাতির বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। দেশের শান্তি, স্বাধীনতা ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বিনষ্ট করতে যারা গোপনে ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধভাবে তাদের সেই দেশবিরোধী নীল নকশা যেকোনো মূল্যে নস্যাৎ করা হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার পুরো রাজনৈতিক জীবন ছিল এ দেশের মাটি ও মানুষের স্বাধীনতা রক্ষার লড়াই। স্বৈরাচার ও ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি আজীবন দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করে গেছেন। চরম নির্যাতন ও কারাবাস সহ্য করার পরও তিনি দেশের মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। আজ আমাদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন গণতান্ত্রিক পুনর্গঠন ও জাতীয় ঐক্যের নতুন দিগন্তে পা বাড়িয়েছে, ঠিক তখনই পরাজিত ও গুপ্ত শত্রুরা পেছন থেকে আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। কিন্তু খুলনার সচেতন জনগণ ও তৃণমূল বিএনপি অতীতের মতো রাজপথে থেকে এই অপশক্তির সব চক্রান্ত রুখে দিতে প্রস্তুত। সোনাডাঙ্গা ও দৌলতপুর থানার পৃথক খাবার বিতরণ কর্মসূচিতে সংশ্লিষ্ট থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি এবং চক্রান্তকারীদের হাত থেকে দেশকে হেফাজত করার কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত শত শত দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তৈরি খাবার তুলে দেন শফিকুল আলম মনা ও বিএনপি নেতৃবৃন্দ।










































