বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে জমি নিয়ে বিরোধ ও মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোল্লাহাটের কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নরসিংহপুর গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ৮জন আহত হন।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহত খোকন মোল্লা (৫০), তার ছেলে সুমন মোল্লা (৩০) ও স্ত্রী আফসানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে খোকন মোল্লার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপর পক্ষের রাসেল শেখ (২৫) মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া নবির শেখের ছেলে আশিকুল শেখ (৪০) এবং শহীদ মোল্লার তিন সন্তান রবিউল মোল্লা (২২), লিমা (২৪) ও সিমা (১২) মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের সবার বাড়ি একই গ্রামের।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান।











































