স্পোর্টস ডেস্ক
বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে প্রথমবারের মতো প্রবর্তিত ‘সর্বকালের ব্যালন ডি’অর’ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৮ সালে তার দুর্দান্ত পারফরম্যান্সকে ফুটবল ইতিহাসের সেরা ব্যক্তিগত মৌসুম হিসেবে বেছে নিয়েছেন সমর্থকেরা।
ফুটবলের সর্বকালের সেরা কে, সেই বিতর্ককে নতুন করে উসকে দিয়ে সর্বশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর বিশেষ এই স্বীকৃতি চালু করে ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের কোন মৌসুমটি ইতিহাসের সেরা, তা নির্ধারণ করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। সমর্থকদের ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুম সবার ওপরে জায়গা করে নিয়েছে।
এই লড়াইয়ে নিজের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে অল্প ব্যবধানে পেছনে ফেলেছেন আল নাসরের পর্তুগিজ তারকা। ভোটাররা মেসির রেকর্ডগড়া ২০১২ সালের মৌসুমের চেয়ে রোনালদোর প্রথম ব্যালন ডি’অর জয়ের বছরটিকে এগিয়ে রেখেছেন। ২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করে ইতিহাস গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
প্রচলিত ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণ করেন আন্তর্জাতিক সাংবাদিকদের একটি প্যানেল। তবে নতুন এই পুরস্কারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরাসরি সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফ্রান্স ফুটবলের ডিজিটাল মাধ্যমে ভোটের সুযোগ পান সমর্থকেরা। তাদের প্রিয় কিংবদন্তিদের কোন মৌসুমটি সর্বকালের সেরা হওয়ার যোগ্য, সেটিই ছিল ভোটের মূল বিষয়।
মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছিলেন কেবল একাধিকবার ব্যালন ডি’অরজয়ী ফুটবলাররা। তালিকায় ছিলেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, কার্ল-হাইনৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রেয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো এবং ব্রাজিলের রোনালদো নাজারিও।
তবে এই ভোটে অংশ নিতে সমর্থকদের এক ইউরো করে ফি দিতে হয়েছে। ভোটারদের অংশগ্রহণে উৎসাহ দিতে আয়োজকেরা ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগও রেখেছিলেন।
উদ্যোগটি বেশ সাড়া ফেলেছে। হাজারো সমর্থক পছন্দের খেলোয়াড়ের পক্ষে ভোট দিতে অর্থ ব্যয় করেছেন। প্রকাশিত তথ্যে দেখা গেছে, পাঁচ হাজারের বেশি ব্যক্তি নিজেদের পছন্দের খেলোয়াড়কে এগিয়ে রাখতে একাধিকবার ভোট দিয়েছেন।
ভোটের শীর্ষ ১২টি স্থান পুরোপুরি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন রোনালদো ও মেসি। তাদের আধিপত্য ভাঙতে পেরেছেন কেবল ব্রাজিলের রোনালদো নাজারিও। ২০০২ সালে ব্যালন ডি’অর জয়ের মৌসুমের সুবাদে তালিকার ১৩তম স্থানে রয়েছেন তিনি।
সর্বকালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকা
১. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০০৮
২. লিওনেল মেসি — ২০১২
৩. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৭
৪. লিওনেল মেসি — ২০২৩
৫. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৬
৬. ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৪
৭. লিওনেল মেসি — ২০১৫
- ক্রিস্টিয়ানো রোনালদো — ২০১৩
৯. লিওনেল মেসি — ২০১১
১০. লিওনেল মেসি — ২০০৯
মনোনীত ফুটবলারদের তালিকা
- লিওনেল মেসি: ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩
- ক্রিস্টিয়ানো রোনালদো: ২০০৮, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭
- রোনালদো নাজারিও: ১৯৯৭ ও ২০০২
- মার্কো ফন বাস্তেন: ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২
- মিশেল প্লাতিনি: ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫
- কার্ল-হাইনৎস রুমেনিগে: ১৯৮০ ও ১৯৮১
- কেভিন কিগান: ১৯৭৮ ও ১৯৭৯
- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার: ১৯৭২ ও ১৯৭৬
- ইয়োহান ক্রুইফ: ১৯৭১, ১৯৭৩ ও ১৯৭৪
- আলফ্রেদো দি স্তেফানো: ১৯৫৭ ও ১৯৫৯











































