বিনোদন ডেস্ক।।
পাকিস্তানি টেলিভিশনের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও ট্রেন্ডিং নাটক ‘দার-এ-নিজাত’। আর এর প্রধান দুটি চরিত্র ‘আবুবকর’ ও ‘জারিয়াব’-এর অনস্ক্রিন রসায়ন নিয়ে চর্চা যেন থামছেই না।
এবার পর্দার সেই আবুবকর অর্থাৎ জনপ্রিয় তারকা শেহেরিয়ার মুনাওয়ার ফাঁস করলেন এক দারুণ রহস্য। জানালেন, মুখে স্বীকার না করলেও শুরু থেকেই জারিয়াবকে মনে মনে বড্ড ভালোবাসত আবুবকর।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে শেহেরিয়ার জানান, আবুবকর চরিত্রটি এমন এক টানাপড়েনের মধ্য দিয়ে গেছে যেখানে তার মন একদিকে আর বিবেক অন্যদিকে টেনেছে।
জারিয়াব তার মনের মতো মেয়ে নয়, এমনটি ভেবে মনকে সামলাতে চাইলেও, তার ছোট ছোট আচার-আচরণেই ভালোবাসা প্রকাশ পেত।
শেহেরিয়ার বলেন, ‘কিশওয়ার খালা মাত্র একবার মুখে বলেছিলেন যে জারিয়াব পাস্তা খেতে ভালোবাসে। সেই ছোট্ট কথাটা আবুবকর ঠিকই মনে রেখেছিল। ভালো না বাসলে একটা ছেলের পক্ষে কি কোনো সাধারণ মেয়ের সামান্য পছন্দের কথা এত নিখুঁতভাবে মনে রাখা সম্ভব?’
নাটকে আবুবকরের সবাইকে খুশি রেখে চলার স্বভাব নিয়ে কথা বলতে গিয়ে শেহেরিয়ার স্বীকার করেন, বাস্তব জীবনে তিনিও ঠিক তেমনই। মানুষকে সরাসরি ‘না’ বলতে তার বেশ কষ্ট হয়। মায়ের দেওয়া নীতিশিক্ষার কারণেই আবুবকর সবাইকে সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়ে বলে জানান তিনি।
উমেরা আহমেদের চিত্রনাট্যে ও সাকিব খানের পরিচালনায় এআরওয়াই ডিজিটালে সম্প্রচারিত এই মেগা নাটকে শেহেরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের জুটি বর্তমানে দর্শকদের মন জয় করে চলেছে। আর অভিনেতার এই বিশেষ রহস্য ফাঁসের পর আবুবকর-জারিয়াবের কেমিস্ট্রি দেখতে দর্শকরা যে এখন আরও উন্মুখ হয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।











































