Home জাতীয় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

3


ঢাকা অফিস।।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্তির পর গত ৭ অক্টোবর মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

মামলার নথিপত্র অনুযায়ী, শীর্ষ নেতা মাহবুবউল আলম হানিফ ছাড়াও এ মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার শুরু থেকেই দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই পলাতক রয়েছেন।

গত বছরের ২ নভেম্বর এই চার আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়া এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলা, উসকানিমূলক বক্তব্য প্রদান, সশস্ত্র ষড়যন্ত্র এবং সরাসরি ছয়জন নিরীহ মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আদালত এই সর্বোচ্চ সাজার নির্দেশ দেন।