বিনোদন ডেস্ক ||
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বহুবার তাদের বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। এবার প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।
‘কফি উইথ করন’ অনুষ্ঠানের নবম সিজনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান। অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন তোলেন। একপর্যায়ে জাহ্নবীর বিয়ের পরিকল্পনা জানতে চান তিনি। জবাবে এই অভিনেত্রী স্পষ্ট করে জানান, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। তবে বিয়ের জন্য সম্ভাব্য সময়সীমার কথাও জানান তিনি।
এ বিষয়ে জাহ্নবী কাপুর বলেন, “আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে নয়।” অর্থাৎ, বিয়ের জন্য আরো অন্তত দুই থেকে তিন বছর অপেক্ষা করতে চান এই অভিনেত্রী।
বেশ আগে শিখর পাহাড়িয়া ও জাহ্নবী কাপুরের একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এ নিয়েও চর্চা কম হয়নি
এরপর আলোচনায় উঠে আসে তারকাদের প্রেমের সম্পর্ক। অর্জুন কাপুর-মালাইকা অরোরা, খুশি কাপুর-বেদাং রায়না এবং বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার প্রসঙ্গ তোলেন করন জোহর। এ সময় শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন জাহ্নবী। অন্য মানুষের সঙ্গে তাদের দুজনের আলাদা আলাদা সম্পর্ক ভেঙে যাওয়ার কঠিন সময়েও কীভাবে তারা নিজেদের বন্ধন অটুট রাখেন, সেই অভিজ্ঞতাও তুলে ধরেন এই অভিনেত্রী।
জাহ্নবী কাপুর বলেন, “অন্য মানুষের সঙ্গে আমাদের দুজনের আলাদা আলাদা সম্পর্ক ভেঙে যাওয়ার সময়েও আমরা একে অপরের পাশে থেকে পরিস্থিতি সামলে নিই। আমরা ভালোভাবে পরিস্থিতি সামলাতে জানি।”
জাহ্নবী ও শিখরের সম্পর্ক নতুন নয়। তারা জীবনের শুরুতেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৬ সালে বিচ্ছেদ হলেও ২০২২ সালে আবার কাছাকাছি আসেন। ২০২৪ সালের এপ্রিলে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে জাহ্নবী প্রথমবার প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন।
সাম্প্রতিক সময়ে এই জুটি একসঙ্গে ঘুরতে যাওয়া, পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়া কিংবা মন্দিরে দেখতে পাওয়ার মতো নানা ঘটনার কারণে বার বার আলোচনায় আসেন। বিশেষ করে শিখরকে প্রায়ই কাপুর পরিবারের পারিবারিক আয়োজনে দেখা গেছে, যা তাদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দেয়।
এর আগে একটি পডকাস্টে জাহ্নবী নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি নিয়ে কথা বলেন। যদিও তিনি সরাসরি শিখরের নাম উল্লেখ করেননি, তবু তার বক্তব্যে সম্পর্কের স্থিরতা ও স্বস্তির ইঙ্গিত পাওয়া যায়। ভালোবাসা তাকে নিরাপত্তা দেয় এবং আগের মতো অসহায় লাগে না। এই সম্পর্কে তিনি নিজেকে আরো স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারেন বলেও জানান জাহ্নবী।
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘পরম সুন্দরী’, ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায় অভিনয় করেন তিনি।
দক্ষিণী সিনেমায়ও অভিষেক হয়েছে তার। ‘দেবারা’ শিরোনামের এ সিনেমায় নায়ক হিসেবে পেয়েছেন জুনিয়র এনটিআরকে। জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পেদ্দি’। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাম চরণ। বর্তমানে জাহ্নবীর হাতে ৩টি সিনেমার কাজ রয়েছে।











































