Home বিনোদন আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে কেন ভয় পেয়েছিলেন রণবীর

আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে কেন ভয় পেয়েছিলেন রণবীর

1


বিনোদন ডেস্ক ||

আলিয়া ভাটকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি রণবীর কাপুরের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। তবে, কেনিয়ার জঙ্গলে সেই রোমান্টিক মুহূর্তে তাদের থেকে মাত্র ১০০ ফুট দূরে ছিল তিনটি সিংহ। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপচারিতায় সেই অভিজ্ঞতার কথা জানিয়ে নিজেকে ‘ইঁদুর’ আর আলিয়াকে ‘সিংহী’ বলে মজা করেছেন অভিনেতা।

কেনিয়ার মাসাই মারা ভ্রমণের সময় আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন রণবীর। আংটি সঙ্গে নেওয়া থেকে শুরু করে দূরে দাঁড়িয়ে ছবি তোলার ব্যবস্থা—সবই আগে থেকে ঠিক করে রেখেছিলেন তিনি। এমনকি তাদের গাইড ও গাড়িচালককেও বিষয়টি জানিয়ে রেখেছিলেন, যাতে আলিয়া কিছু বুঝতে না পারেন।

আরো পড়ুন

রণবীর বলেন, “আমি আগেই আমাদের গাইড ও গাড়িচালককে কিছু টাকা দিয়ে রেখেছিলাম। তাদের বলেছিলাম, জঙ্গলের মাঝামাঝি কোনো জায়গায় যেন গাড়ি থামান। আমার সঙ্গে একটি আংটি ছিল। আমি এক হাঁটু গেড়ে বসে আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলাম, আর তারা যেন দূর থেকে ছবি তোলেন।”
আলিয়া ছবি তুলতে ভালোবাসেন জানিয়ে রণবীর আরো বলেন, “মেয়েরা ছবি ভালোবাসে, জানেন তো, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। তাই আমার মনে হয়েছিল, আলিয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।”

সবকিছু পরিকল্পনামতো এগোলেও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করে জঙ্গলের তিনটি সিংহ। রণবীর যখন এক হাঁটু গেড়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন, তখন সিংহগুলো তাদের থেকে প্রায় ১০০ ফুট দূরে ছিল। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চনও মজার ছলে বলেন, “এমন ঘটনার কোনো প্রমাণ থাকা উচিত।”
এর উত্তরে রণবীর বলেন, “কিন্তু স্যার, পরিস্থিতিটা এমন ছিল যে প্রায় ১০০ ফুট দূরে তিনটি সিংহ ছিল।”

এরপর নিজের অবস্থার বর্ণনা দিতে গিয়ে অভিনেতা বলেন, “আমার সিংহী সামনে দাঁড়িয়ে ছিল, আর আমি ছিলাম ইঁদুরের মতো—এক হাঁটু গেড়ে বসে তাকে জিজ্ঞেস করছিলাম, বেবি, তুমি কি আমাকে বিয়ে করবে?”

ঘটনাটিকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন রণবীর। তার কথায়, জীবনের এই মুহূর্ত তিনি সব সময় মনে রাখবেন। রোমান্টিক প্রস্তাবের সঙ্গে জঙ্গলে তিন সিংহের উপস্থিতি ঘটনাটিকে যে আরো স্মরণীয় করে তুলেছিল, তা বলাই যায়।

চার বছরের দাম্পত্য, এক কন্যাসন্তান

২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। একই বছরের ৬ নভেম্বর তাদের কন্যাসন্তান রাহার জন্ম হয়।

‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত রণবীর

কাজের দিক থেকে রণবীর কাপুর এখন নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন।