ঝিনাইদহ প্রতিনিধি ||
ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় টিপসই গ্রহণের পর্যায়ে রাকিবকে ৪ হাজার ৩০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তিনি তার নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক রাকিবকে ২০০ টাকা জরিমানা করা হয়।
দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালানো হয়। এ সময় ঘুষের টাকাসহ রাকিব নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি তার নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
খালিদ মাহমুদ আরো জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে কর্মরত রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।











































