Home খেলাধুলা উত্তপ্ত বাক্যবিনিময় করায় রউফের জরিমানা

উত্তপ্ত বাক্যবিনিময় করায় রউফের জরিমানা

0


স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে নাটকীয় জয়ের ম্যাচে মাঠে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করায় শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। গত রোববার এক উইকেটের জয়ের ম্যাচে ইংল্যান্ডের উইল জ্যাকস ও আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

গত বছর এশিয়া কাপে আচরণবিধির দুটি পৃথক ধারা ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রউফ। এবার গত ১৪ মাসের মধ্যে তার নামের পাশে জমা হলো পঞ্চম ডিমেরিট পয়েন্ট। আগামী বছরের ১৩ সেপ্টেম্বরের মধ্যে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পেলে চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। প্রথম অপরাধের ২৪ মাসের মধ্যে এই সীমা অতিক্রম করলে শাস্তি কার্যকর হবে।

ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের ৪৬তম ওভারের শেষে। নন-স্ট্রাইক প্রান্তে থাকা রউফ ক্ষুব্ধ হন, যখন স্যাম কারানের করা শর্ট বলটি শাদাব খানের বিপক্ষে ওয়াইড হিসেবে ঘোষণা করেননি আম্পায়ার শরফুদ্দৌলা। এ সময় রউফ রাগান্বিতভাবে মিড-অনে দাঁড়িয়ে থাকা জ্যাকসের দিকে ব্যাট নাড়েন। আম্পায়ার তাকে থামানোর চেষ্টা করলেও তিনি জ্যাকসের দিকে এগিয়ে যেতে থাকেন।

পরে জ্যাকসের সঙ্গে তর্ক চালিয়ে যান রউফ। একপর্যায়ে জো রুট তাকে শান্ত করেন। শেষ পর্যন্ত এক উইকেটে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। উত্তেজনায় উজ্জীবিত রউফ ইংল্যান্ডের অভিষিক্ত পেসার হেনরি ক্রোকম্বের বলে জয়সূচক বাউন্ডারি হাঁকিয়ে ১৭ বল হাতে রেখেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা করমর্দন করার সময় রউফ ও জ্যাকসকে আবারও কথা বলতে দেখা যায়।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানায়, ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণের কারণে আচরণবিধির ২.২০ ধারা ভঙ্গ করেছেন রউফ। ম্যাচ কর্মকর্তাদের আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের এই পেসার। পাশাপাশি ২০ শতাংশ ম্যাচ ফির জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টের শাস্তিও মেনে নিয়েছেন তিনি।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ইংল্যান্ড দলের খেলোয়াড়দেরও শাস্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে থাকায় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন।