Home খেলাধুলা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রে’র ২৪ ম্যাচ স্থগিত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রে’র ২৪ ম্যাচ স্থগিত

2


স্পোর্টস ডেস্ক

স্পেনের তলেদো প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও সংহতি প্রকাশ করে কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করা হয়েছে। বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বুধবার সকালে মাদ্রিদ থেকে সেভিয়ার রেলপথে উর্দা স্টেশনের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর একটি স্পেনের জাতীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের এবং অন্যটি বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর মালিকানাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখে জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় অন্তত ৮০ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘তলেদো প্রদেশে বুধবার ভোরে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা এবং সংহতি জানিয়ে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোপা দেল রের প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি এবং চূড়ান্ত তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। এই মর্মান্তিক ঘটনায় পুরো স্প্যানিশ ফুটবল পরিবার শোকাহত। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কর্তৃপক্ষের পাশে থাকতে প্রস্তুত ফুটবলসংশ্লিষ্ট সবাই।’

কোপা দেল রের প্রথম রাউন্ডের খেলা মঙ্গলবার শুরু হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে ১৮টি ম্যাচ। বুধবার আরও ২৪টি ম্যাচ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সূচিতে রয়েছে ১৪টি ম্যাচ। তবে বৃহস্পতিবারের ম্যাচগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে স্পেনের রাজপরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে।

বার্তায় বলা হয়েছে, ‘নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের শোকের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আহত ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সহমর্মিতা।’

এ ছাড়া দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবাকর্মী এবং অন্যদের প্রতিও সমর্থন জানিয়েছে রাজপরিবার। তাদের ভাষ্য, ‘এই কঠিন পরিস্থিতিতে যতটা সম্ভব সহায়তা করতে কাজ করে যাওয়া সবার প্রতিও আমাদের সমর্থন রয়েছে।’

স্পেনের ঘরোয়া ফুটবলের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা কোপা দেল রে। গত আসরের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল রেয়াল সোসিয়েদাদ।

এবারের স্প্যানিশ সুপার কাপের চার অংশগ্রহণকারী দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও রেয়াল সোসিয়েদাদ কোপা দেল রের শেষ বত্রিশ দলের পর্ব থেকে প্রতিযোগিতায় অংশ নেবে। তাই প্রথম রাউন্ডে তাদের খেলার কথা নয়।