স্পোর্টস ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্যের জেরে চীনে স্প্যানিশ ফুটবলের সম্প্রচার ও জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে এবং সংকটের সমাধান খুঁজতে স্পেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিংয়ের সঙ্গে বৈঠক করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
চীনের গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের সঙ্গে এমবাপ্পেকে তুলনা করে তৈরি একটি ব্যঙ্গচিত্র নিয়ে মন্তব্য করেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। তার সেই মন্তব্য ঘিরে এশিয়ার দেশটিতে বিতর্কের সৃষ্টি হয়।
বার্তা সংস্থা এএফই জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি সন্ধ্যায় লা লিগার ম্যাচ এবং এমবাপ্পে অংশ নেন, এমন সব ম্যাচের সম্প্রচার স্থগিত করেছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তেবাস লিখেছেন, ‘কিলিয়ান এমবাপ্পের মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং এই ঘটনা থেকে উত্তরণের পথ খুঁজতে আজ স্পেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছি।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে চীনে স্প্যানিশ ফুটবলের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে দেশটির কর্তৃপক্ষ, ফুটবল সংস্থা, সম্প্রচারমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে লা লিগা। একই সঙ্গে নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পদ ভাগাভাগি করে চীনের ফুটবলের উন্নয়ন ও বিকাশেও অবদান রাখার চেষ্টা করেছি আমরা।’
চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে লা লিগার অংশীদারত্ব রয়েছে। এর মধ্যে চীনের পেশাদার ফুটবল লিগের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত একটি কৌশলগত চুক্তিও রয়েছে।
এ ছাড়া চীনের ফুটবলের উন্নয়ন এবং লাখো দর্শকের কাছে লা লিগার প্রতিযোগিতাগুলো পৌঁছে দিতে চায়না মিডিয়া গ্রুপের সঙ্গেও চুক্তি রয়েছে স্পেনের শীর্ষ এই ফুটবল লিগের।
এমবাপ্পের মন্তব্যের কারণে দীর্ঘদিনের এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, তা চান না তেবাস। তার আশা, একটি বিচ্ছিন্ন ঘটনা দুই পক্ষের সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়াবে না।
তেবাস লিখেছেন, ‘এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। আমাদের এই সম্পর্ক রক্ষা করার পাশাপাশি আরও শক্তিশালী করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনা যেন এ পর্যন্ত অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এবং আমাদের প্রতিযোগিতাগুলো অনুসরণ করা লাখো চীনা সমর্থকের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন লা লিগার কৌশলগত অংশীদার এবং ভবিষ্যতেও থাকবে।’
এদিকে এমবাপ্পের মন্তব্যের পর অন্তত তিনটি প্রতিষ্ঠান ফ্রান্সের এই তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। মাও সে তুংকে নিয়ে তার মন্তব্যকে ‘বিবেচনাহীন’ বলে স্বীকার করেছেন তিনি।
এমবাপ্পের ভাবমূর্তি স্বত্বের একটি অংশের মালিক রেয়াল মাদ্রিদও নিজেদের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে চীনের জনগণের কাছে ক্ষমা চেয়েছে।
বুধবার প্রকাশিত ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক বক্তব্যে চীনের জনগণের মনে কোনো অস্বস্তি বা কষ্ট সৃষ্টি হয়ে থাকলে তার জন্য রেয়াল মাদ্রিদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘চীন, দেশটির ইতিহাস, সংস্কৃতি ও জনগণের প্রতি আমাদের ক্লাবের গভীর শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে রেয়াল মাদ্রিদকে ভালোবাসেন ও সমর্থন করেন, এমন লাখো চীনা সমর্থকের প্রতিও আমাদের রয়েছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’











































