Home আঞ্চলিক দাকোপে বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা, নারীসহ আহত ২

দাকোপে বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা, নারীসহ আহত ২

16


গাছপালা কেটে তছনছ, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুটের অভিযোগ


দাকোপ প্রতিনিধি।।
খুলনার দাকোপে বসতবাড়ি ও জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে একটি পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ সময় বাড়ির নারী সদস্যদের মারধর করে আহত করা, ফলদ ও বনজ গাছপালা কেটে ফেলা, ঘরের মালামাল তছনছ এবং নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। হামলার পর আহত স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের কর্তা নগেন্দ্র নাথ সরকার।


এ ঘটনায় নগেন্দ্র নাথ সরকার (৬২) বাদী হয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় তুষার বিশ্বাস (৫৫), রবীন বিশ্বাস (৫০), কৃষ্ণপদ বিশ্বাস (৫০), শচীন্দ্রনাথ বিশ্বাস (৭০), আকাশ বিশ্বাস (৩০), দুর্লভ বিশ্বাস (২০) এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।


থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার ধোপাদিহী মৌজায় এসএ ৪২৮ নম্বর খতিয়ানের ২৩২ নম্বর দাগের ২৭ শতক জমিতে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন নগেন্দ্র নাথ সরকার। জমিটিতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ লাগিয়ে ঘেরাবেড়া দিয়ে বসতবাড়ি গড়ে তুলেছেন তাঁরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই বসতবাড়ি ও জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন।


অভিযোগে বলা হয়, গত ২৯ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, কুড়াল, শাবল ও লাঠিসোঁটা নিয়ে নগেন্দ্র নাথ সরকারের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাড়ির সীমানার বেড়া কেটে ভেতরে ঢুকে বসতবাড়ির দক্ষিণ অংশের বিভিন্ন ফলদ ও বনজ গাছ কেটে তছনছ করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের উদ্দেশে হুমকি-ধমকি দিতে থাকেন।


অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বাড়ির গাছপালা কেটে ফেলার পাশাপাশি বসতঘরের মালামালও তছনছ করেন। একপর্যায়ে বাড়িতে থাকা নগেন্দ্র নাথ সরকারের মেঝ মেয়ে পূর্ণিমা সরকার (৩০) ও স্ত্রী সরোজিনী সরকারকে (৫৬) মারধর করা হয়। এতে তাঁরা আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, পূর্ণিমার কাছে মোবাইল ফোন যাহার মুল্য ১৫ হাজার টাকা এবং ও্ই মোবাইলের বিকাশের রয়েছে ৩০ হাজার টাকা, এ ছাড়া তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী যাহার মুল্য ১ লাখ ৮০ হাজার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সম্পদের মূল্য উল্লেখযোগ্য বলে দাবি করেছে পরিবার।


ভুক্তভোগী নগেন্দ্র নাথ সরকারের অভিযোগ, অভিযুক্তরা তাঁদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন হামলা ও লুটপাটের একপর্যায়ে তাঁরা এক সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে না গেলে পরিবারের সদস্যদের হত্যা করে বাড়ি দখল করে নেওয়ার হুমকিও দেন। এমনকি বসতবাড়ির বিভিন্ন ফলবান গাছ ও বেড়ার ক্ষতিসাধন করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


পরিবারের দাবি, হামলার পর আহত স্ত্রী ও মেয়েকে চিকিৎসার জন্য দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বসতবাড়িতে ফিরে স্বাভাবিকভাবে বসবাস করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।
লিখিত অভিযোগে নগেন্দ্র নাথ সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে দাকোপ থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত বা আইনগত পদক্ষেপের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।