ডুমুরিয়া প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়া উপজেলার হাসানপুর এলাকায় সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে এক ভ্যানচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক সুদ ব্যবসায়ী ও তাঁর সহযোগীর বিরুদ্ধে। হামলায় মো. জামির মোড়ল (৫৭) নামে ওই ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসানপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জামির মোড়ল বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামির মোড়ল পেশায় একজন ভ্যানচালক। পারিবারিক জরুরি প্রয়োজনে এবং পূর্বপরিচয়ের সূত্র ধরে প্রায় সাত মাস আগে তিনি হাসানপুর গ্রামের মো. সালামের কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। অভিযোগ অনুযায়ী, ঋণ নেওয়ার সময় চার মাসের মধ্যে টাকা পরিশোধের কথা ছিল। নির্ধারিত সময়ের পর জামির মোড়ল মূল ৩০ হাজার টাকা পরিশোধ করেন।
তবে টাকা পরিশোধের পরও সুদের টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জামির মোড়ল নিজের ভ্যান চালিয়ে বাড়ি থেকে হাসানপুর খেয়াঘাটে পৌঁছালে সালাম ও তাঁর ভাগ্নে রসুল তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা জামিরের কাছে সুদের টাকা দাবি করেন বলে অভিযোগে বলা হয়েছে।
জামির মোড়ল তাঁদের কাছে আর কীসের টাকা দিতে হবে, তা জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সালাম ও রসুল তাঁর ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত জামির মোড়লের পরিবারের সদস্যরা জানান, তাঁরা ঋণের মূল টাকা পরিশোধ করেছেন। এরপরও অতিরিক্ত সুদের টাকা দাবি করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ। টাকা পরিশোধের পরও জামিরের ওপর হামলার ঘটনায় তাঁরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় বৃহস্পতিবার জামির মোড়ল বাদী হয়ে স্থানীয় বাসিন্দা সালাম ও তাঁর ভাগ্নে রসুলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সালাম ও রসুলের বক্তব্য পাওয়া যায়নি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঋণের টাকা পরিশোধের পরও অতিরিক্ত অর্থ দাবি এবং এ নিয়ে হামলার অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনেরা।











































